মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিমিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী ও নানা সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনোভাবে ফ্যাসিবাদী শক্তিকে মাথা তুলতে দেওয়া হবে না। যেকোনো নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জোহা চত্বর থেকে মিছিল বের করেন। তারা স্পষ্ট ভাষায় বলেন, কোনো রাজনৈতিক শক্তিকে সন্ত্রাস ও ভয়ভীতি ছড়িয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। তারা আরও উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে ভুলুণ্ঠিত করে আর কখনো চাঁদাবাজি ও সহিংসতা মেনে নেওয়া যাবে না।
এদিকে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও লালমনিরহাটের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করেছে। তারা বলেন, বিএনপি চাঁদাবাজি ও খুনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে, যা ‘জুলাই বিপ্লব’-এর চেতনার প্রতি সরাসরি আঘাত।
অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শেরে বাংলা হল থেকে মিছিলটি বের হয়ে মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। পরে প্রশাসনিক ভবনের নিচতলায় সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের উন্নয়ন ও স্থিতি বজায় রাখার চেষ্টায় বারবার বিঘ্ন সৃষ্টি করছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো।
এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও নৃশংস এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মুন্সীগঞ্জেও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কাচারি এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ একসাথে অংশ নেন।
বক্তারা এককথায় বলেন, সোহাগ হত্যার বিচার শুধু একক ঘটনার বিচারে সীমাবদ্ধ নয়, বরং দেশের ভবিষ্যৎ ও শান্তি রক্ষায় অপরিহার্য।” পদ্মা টিভি
নিজস্ব প্রতিবেদক

