যশোরের শার্শায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার: স্থানীয়দের ধারণা আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলার একটি গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, অভাবের তাড়নায় তারা আত্মহননের পথ বেছে নেন।
শনিবার (১৪ জুন) সকালে বাড়ির উঠানে একটি আমড়া গাছে ঝুলন্ত অবস্থায় মনিরুজ্জামানের মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে বাড়ির পাশের ফাঁকা মাঠে তার স্ত্রী রেহেনা খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রতিবেশীদের বরাতে জানা যায়, মনিরুজ্জামান ও রেহেনা দম্পতি বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। কাজ না থাকায় তাদের পরিবারে নেমে আসে অভাব-অনটন। এমনকি শেষ কয়েকদিন ঘরে খাবার পর্যন্ত ছিল না বলে জানা যায়।
আরও পড়ুন… নারী চিকিৎসকের ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় ভুয়া মেজর গ্রেপ্তার
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—স্বামী মনিরুজ্জামান পারিবারিক হতাশা থেকে স্ত্রীকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

