বিজয়নগরে পুকুরে ডুবে ১৯ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুরে ডুবে মাহিরা (১৯ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইছাপুর ইউনিয়নের আড়িয়ল গ্রামের বাসিন্দা শামসুজ্জামানের মেয়ে মাহিরা। বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ঘরের সামনে থাকা পুকুরে পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিরাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই কামরুল হাসান সরকার জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঘটে যায়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

