কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

কুষ্টিয়ার কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে। মঙ্গলবার (২৭ মে) সকালবেলায় পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা তার এক সহযোগীসহ তাকে আটক করতে সক্ষম হন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য আজ বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
সুব্রত বাইন বাংলাদেশের অপরাধ জগতে এক পরিচিত নাম। ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি রয়েছে, আর তাকে ধরিয়ে দিতে সেই সময় পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন… সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি
সুব্রত বাইনের পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদও ওই তালিকায় ছিলেন। দুই দশকের বেশি সময় আগে—১৯৯৭ সালে—সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গড়ে তোলে কুখ্যাত সেভেন স্টার গ্রুপ। এই গ্রুপের হয়ে কাজ করতে গিয়েই সুব্রত বাইন ও মোল্লা মাসুদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকা এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে সেনাবাহিনীর এ সফল অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে নিরাপত্তা বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে দেশের অপরাধ জগত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

