নারী টি – টোয়েন্টি আয়োজনে স্বাগতিক বাংলাদেশ।

আগামী ৩ অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে, যা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কথা ছিল ভেন্যু হবে বাংলাদেশ। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। এ বিষয়ে আশার কথা শোনালেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা আছে।
‘এ’ গ্রুপের পাঁচটি দল: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।
আর ‘বি’ গ্রুপের পাঁচটি দল: বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ- খেলবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ।
একটি জাতীয় দৈনিককে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি এখন থেকেই পদক্ষেপ নিচ্ছি। আশা করি, এটি বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় এমন কিছু হলে, তা আমাদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে।’
আসিফ তার বক্তব্যে আরও যোগ করেন, ‘পরিস্থিতির জন্য আমরা রোববারই বসব। আমি সচিবের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। ড. মুহাম্মদ ইউনূস স্যার, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং ক্রীড়াপ্রেমী, আমাদের নেতৃত্বে আছেন। তিনি কিছুদিন আগে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে আলোচনা করে আমরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে পারব বলে আশা করি।’
স্বাগতিক বাংলাদেশ, তাই এ আসরকে ঘিরে বাংলাদেশের উৎসাহেরও কমতি নেই। ২৩ ম্যাচের এ টুর্নামেন্টে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড।’পদ্মা টিভি’

