৩টি প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় সংকট ঘটতে পারে’

‘৩টি প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় সংকট ঘটতে পারে’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া সমানতালে এগিয়ে না চললে দেশে আবারও জাতীয় সংকটের সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মরণসভা’তে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে। এই প্রক্রিয়ায় জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
সরকার গঠন বা বিরোধী দলে থাকা—যেকোনো অবস্থায়ও জামায়াত ন্যায়নিষ্ঠ, স্পষ্ট এবং সাহসী ভূমিকা রাখবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, “আমরা কেবল আল্লাহকে ভয় করি, দেশবাসীর প্রতি দায়বদ্ধ থাকি। অন্য দলগুলোর কাছ থেকেও একই ধরনের প্রতিশ্রুতি কামনা করি।”
তিনি আরও বলেন, “কে সরকার গঠন করবে, সেটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেই আসুক, সে যেন জাতির অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে।”
কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হওয়া উচিত নয়। শহীদ পরিবারের সদস্যরাও কোনো বিচার না দেখে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। অন্তত কয়েকজন অপরাধীর বিচার চোখের সামনে দেখতে চান তারা।”
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উল্লেখ করে তিনি বলেন, “সেখানে কিছু ঘাটতি ছিল, তা পূরণ করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের নেতাদের যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, সেই দৃশ্য আর দেখতে চাই না। বিচার যেন শতভাগ ন্যায়সঙ্গত ও স্বচ্ছভাবে হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা রতন অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

