“যেনতেন নির্বাচন চাই না, প্রয়োজন হলে রক্তের বিনিময়েও পরিবর্তন আনবো”: ডা. শফিকুর রহমান

🟩 ১৪, ১৮, ২৪ মার্কার নির্বাচন নয়, চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
🟩 “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে”—বলেন জামায়াত আমির
🟩 যুবসমাজকে ‘বুক চিতিয়ে লড়াইয়ের’ আহ্বান
🟩 চাঁদাবাজ-দখলবাজমুক্ত সমাজ গড়তে ‘আল্লাহর আইনের’ পক্ষে ডাক
নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না। জনগণের রক্তে অর্জিত পরিবর্তন প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করবো।”
শনিবার (৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় চারটি পৃথক পথসভায় অংশ নেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত দেখা যাচ্ছে। যারা এসব অপচেষ্টায় লিপ্ত, তাদের জন্য বার্তা হলো—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও আনবে। এক্ষেত্রে কেউ ছাড় পাবে না।”
তিনি আরও বলেন, “ছাত্র, যুবক, শ্রমিকরা অতীতে যেভাবে বুক চিতিয়ে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে, ভবিষ্যতেও তা সফল করতে প্রস্তুত থাকতে হবে।”
“যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে—চাই সেটা পুরনো হোক কিংবা নতুন।”
“আমরা এমন একটি দেশ রেখে যেতে চাই, যেখানে কিশোর-তরুণরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। চাঁদাবাজি, দখলদারিত্বমুক্ত সমাজ গড়তে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই।”
আরও পড়ুন… হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজারের বেশি বাংলাদেশি হাজি
ফেনীর সমাবেশে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর এবং পদুয়ারবাজার বিশ্বরোডে পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মুহাম্মদ। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ।
এই বক্তব্যে নির্বাচন ও রাজনৈতিক উত্তাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

