কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ২৫ হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে

🟩 এবারও ৫ ভাগের ১ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না, সংখ্যায় ২৫ হাজারের বেশি
🟩 বিদেশযাত্রা, বিয়ে ও আর্থিক সংকটের কারণে ফরম পূরণ না করেই বাদ পড়েছে অনেকে
🟩 বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা
🟩 নকল ও প্রশ্নফাঁস রোধে কেন্দ্রভিত্তিক কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায়, বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী।
তবে রেজিস্ট্রেশন করা সত্ত্বেও ২৫ হাজার ৪৪০ জন পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি।
গত বছর এই সংখ্যা ছিল ২৯ হাজার ২০৪ জন।
বলা হচ্ছে, গতবারের তুলনায় সংখ্যায় কম হলেও হার প্রায় একই—প্রায় ৫ ভাগের ১ ভাগ শিক্ষার্থী ঝরে পড়ছে।
শিক্ষাবিদদের মতে, এইচএসসি পরীক্ষার আগেই এত শিক্ষার্থীর ছিটকে যাওয়া দেশের শিক্ষা ব্যবস্থায় একটি অশনি সংকেত।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন,
“অনেক শিক্ষার্থী বিদেশে চলে গেছে। কেউ কেউ বিয়ে বা আর্থিক সমস্যার কারণে ফরম পূরণ করেনি। তাই তারা পরীক্ষায় অংশ নিচ্ছে না।”
চলতি বছরে ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন।
আরও পড়ুন… ভারতে আটক, জেল খেটে পুশইন, ঠাকুরগাঁও সীমান্তে ফিরছেন বাংলাদেশিরা
ছাত্রীদের সংখ্যা এবারও তুলনামূলক বেশি।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের হিসাব:
◾ মানবিক বিভাগে: ৪৭,৯৫৮ জন
◾ ব্যবসায় শিক্ষা: ২৭,৫৫৪ জন
◾ বিজ্ঞান বিভাগে: ২৬,২৩৮ জন (সবচেয়ে কম)
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন,
“নকল ও প্রশ্নফাঁস রোধে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম রয়েছে। প্রশ্নপত্র সরবরাহ থাকবে স্থানীয় প্রশাসনের জিম্মায়।”
তিনি আরও জানান,
প্রতিটি কেন্দ্রে প্রশাসন ও পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন।

