হাতিরঝিল অস্ত্র মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর তিন আসামি—মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের রিমান্ড মঞ্জুর হয়েছে ৬ দিন করে।
বুধবার (২৮ মে) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ তাদের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেলায় সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী, শ্যুটার আরাফাত ও শরীফকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম আরও গভীরে নিয়ে যেতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা সূত্র।

