ঈদে সড়কব্যবস্থাপনায় নতুন নির্দেশনা, যোগাযোগের জন্য হটলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যানজট কমাতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে বাধা সৃষ্টি না হয়।
তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি পরিবহনকারী যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন ১৬১০৭ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ নম্বরেও যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

