বগুড়ায় বিল নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত আরও ৩

🟩 প্রতিপক্ষের ইটের আঘাতে বিএনপি নেতা জুয়েলের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের
🟩 ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ হয়
🟩 বিরোধে যুবদল নেতার পরিবারের কয়েকজনও আহত হয়ে হাসপাতালে ভর্তি
🟩 পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে একটি বিলের মালিকানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে।
নিহত জুয়েল ওই গ্রামের মনছের সরকারের ছেলে এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিলে মালিকানা নিয়ে যুবদলের ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের পরিবারের সঙ্গে জুয়েল পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
রোববার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ হয়।
সংঘর্ষে জুয়েল, রেজাউল করিম, তার ভাই তালহা ও বোন ফেন্সি আহত হন।
স্বজনদের অভিযোগ, জুয়েলকে ইট দিয়ে আঘাত করা হয়, হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে তিনি বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আরও পড়ুন… নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩৪ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা
তবে প্রতিপক্ষ রেজাউল করিমের স্ত্রী সোনিয়া দাবি করেন,
“জুয়েল হৃদরোগী ছিলেন এবং কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন। আমাদের পক্ষ থেকে কেউ মারধর করেনি। বরং জুয়েল পক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে আমার স্বামী, দেবর ও ননদকে আহত করেছে।”
আহতদের মধ্যে কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

