ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেল রাখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন মিয়া (২৮)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুরের দিকে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল বাড়ির সামনে রাস্তার ওপর রেখে দেন। বিষয়টি নিয়ে তার চাচাতো ভাইয়ের স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে সুমন সেখান থেকে সরে যান।
এর কিছু সময় পর সুমন আবার বাড়িতে ফিরে এলে পুনরায় রুমানা বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রুমানা বেগম দা দিয়ে সুমনের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুইয়া জানান, এটি পারিবারিক বিরোধের ফল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

