ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম মিয়া গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর সমর্থক জিয়াউর রহমানকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়। এ ঘটনার জন্য প্রতিপক্ষ কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে জিয়াউর রহমান, যা থেকে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
পরবর্তীতে জিয়াউর রহমান শিশু মিয়াকে মারধর করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবারও উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হন। এছাড়া সংঘর্ষ থামানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় মসজিদের ইমাম হাবিবুর রহমান প্রাণ হারান।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

