শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ১৭৮ রান। ফলে সিরিজে ধবলধোলাই করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান।
পাকিস্তানের এই সংগ্রহের নায়ক ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে মাত্র ৪১ বলে করেন ৬৩ রান, যেখানে ছিল ৬টি চার আর ৫টি ছক্কা। তাঁকে সঙ্গ দেন সাইম আয়ুব, যিনি ১৫ বলে করেন ২১ রান।
ইনিংসের মাঝ পথে পাকিস্তান কিছুটা ছন্দ হারালেও শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিং দলকে এনে দেয় শক্ত ভিত। নওয়াজ করেন ১৬ বলে ২৭ রান আর ফাহিম করেন মাত্র ২ বলে ৪ রান। তবে মোহাম্মদ হারিস, হাসান নবাজ ও হুসেইন তালাত দ্রুত সাজঘরে ফিরে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। সাইফউদ্দিনও নেন একটি উইকেট। অন্যদিকে মাহেদি ও মিরাজ ছিলেন কিছুটা ব্যয়বহুল এবং তাদের বোলিংয়ে ছিল না কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের ব্যাটারদের শুরু থেকেই সাহসী অথচ হিসাবি ব্যাটিং করতে হবে। বিশেষ দায়িত্ব থাকবে ওপেনার তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ মেহেদি হাসান মিরাজের কাঁধে—যাদের বড় ইনিংসই পারে দলকে এনে দিতে কাঙ্ক্ষিত জয়।

