শ্রীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, উত্তপ্ত পরিস্থিতি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক একটি পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জাকির হোসেন। সহকর্মীদের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে তিনি কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন। তবে ছুটি না দিয়ে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন… পাকিস্তানে বজ্রঝড় ও ভূমিধসে ১০ জনের মৃত্যু, আহত অন্তত ৪৩
জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে কারখানার সহস্রাধিক শ্রমিক। উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুরের পাশাপাশি পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) গাড়িও ক্ষতিগ্রস্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক পদ্মা টেলিভিশনকে জানান, “বিক্ষোভে শ্রমিকদের হামলায় পুলিশের ১১ জন সদস্যসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।”
আরও পড়ুন… সরিষাবাড়ী পিংনাতে যৌথবাহিনীর অভিযানে ৭০০ কেজি সরকারি চাল উদ্ধার
ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিল্প পুলিশ, থানা পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে বলে জানা গেছে।

