বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎ শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে এবং কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎ ও তার বন্ধু রনির মধ্যে কয়েকদিন ধরে ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে সেই দ্বন্দ্বের জেরে গ্যারেজের পেছনে বিদ্যুতের ওপর উপুর্যপরি ছুরিকাঘাত করে রনি পালিয়ে যায়।
আরও পড়ুন… পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১০
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রনিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

