বড় বাজেট বিলের সমালোচনায় ইলন মাস্ক, বললেন ‘ঘাটতি কমায় না, বরং বাড়ায়’

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হওয়া রিপাবলিকানদের প্রস্তাবিত ‘ব্যয় বিল’ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং টেসলা-স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি দাবি করেছেন, বিলটি সরকারের অপচয় কমানোর তার ব্যক্তিগত প্রচেষ্টার পরিপন্থী।
সিবিএস সানডে মর্নিং-এ প্রচারিত এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে পরিচিত এই প্রস্তাবটি আর্থিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না, বরং বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে দেবে।
মাস্ক বলেন, “আমি স্পষ্টতই হতাশ। এই বিলটি ঘাটতি হ্রাসের পরিবর্তে বাড়িয়ে দিচ্ছে এবং সরকারি দক্ষতা উন্নয়ন দল DOGE-এর কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।”
আরও পড়ুন… সরকারের পদত্যাগ ‘নাটকীয় কৌশল’: মন্তব্য সালাহউদ্দিন আহমদের
উল্লেখ্য, সরকারি অপচয় কমাতে কাজ করা DOGE নামের দলটি জানুয়ারি থেকে কার্যক্রম চালিয়ে এসে প্রায় ১৭০ বিলিয়ন ডলার সাশ্রয়ের দাবি করেছে। তবে সংস্থাটির কারণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসহ একাধিক প্রতিষ্ঠানে ব্যাপক ছাঁটাই হয়েছে। এক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, DOGE-এর কার্যক্রম ২ লাখ ৭৫ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের জন্য দায়ী।
কংগ্রেসনাল বাজেট অফিসের তথ্য মতে, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিতে ৩.৮ ট্রিলিয়ন ডলার বাড়তি চাপ সৃষ্টি করবে। ২০২৫ সালেই ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যেখানে বর্তমানে জাতীয় ঋণের পরিমাণ ৩৬.২ ট্রিলিয়ন ডলার।
মাস্ক আরও বলেন, “একটি বিল বড় হতে পারে, কিংবা সুন্দর হতে পারে—কিন্তু আমি নিশ্চিত না যে, এটি একই সঙ্গে দুটিই হতে পারে কিনা।”
আরও পড়ুন… লাহোরে রাতের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, কঠিন চ্যালেঞ্জে লিটনরা
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় হোয়াইট হাউসে নিয়মিত দেখা যেত মাস্ককে। তবে সাম্প্রতিক সময়ে তিনি সেখান থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন।
DOGE-এর কার্যক্রম আপাতত স্থগিত করে মাস্ক জানিয়েছেন, তিনি এখন তার নিজস্ব কোম্পানিগুলোর দিকে মনোযোগ দিতে চান। এর মধ্যে রয়েছে ‘X’, ‘Tesla’ এবং ‘SpaceX’।
গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট-এর সাথে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “আমি ভেবেছিলাম, ফেডারেল আমলাতন্ত্র জটিল হতে পারে—কিন্তু বাস্তবে এটি আমার কল্পনার চেয়েও খারাপ।”

