জামায়াত–এনসিপির এমপিদের শপথ নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী জোট জামায়াত-এনসিপির কয়েকজন সংসদ সদস্য অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন।
তিনি বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটে দেওয়া রায় কার্যকর করতে হলে আগে সংবিধানে সংশোধন আনা জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এখানে “সংস্কার পরিষদ” নামে আলাদা কোনো অধিবেশন ডাকা হয়নি। জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে প্রথমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, বর্তমানে সংসদে যে অধিবেশন চলছে তা সম্পূর্ণ সাংবিধানিকভাবে ডাকা হয়েছে। অন্যদিকে ‘সংস্কার পরিষদ’ গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ নিয়ে ইতোমধ্যে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সংবিধানে এ ধরনের কোনো পরিষদের বিধান নেই। গণভোটের রায়ের ভিত্তিতে এমন একটি কাঠামো গঠন করতে হলে সংসদে আলোচনা ও সংশোধনের মাধ্যমে সংবিধানে নতুন বিধান যুক্ত করতে হবে। সংশোধন সম্পন্ন হওয়ার পরই প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রসঙ্গে তিনি বলেন, তারা এখনো তাদের দলের প্রাথমিক সদস্যপদ ধরে রেখেছেন এবং আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ তখনই কার্যকর হবে, যখন কোনো সদস্য দলত্যাগ করবেন।

