অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ভারতকে কনস্যুলার সংলাপের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করলে নিয়মিত কনস্যুলার প্রক্রিয়ায় তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় সরকার—বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩ জুন) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত প্রায় এক মাসে ভারত কমপক্ষে দুই হাজার মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদের মধ্যে ভারতীয় ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন। এই বিষয়টি সীমান্তে দায়িত্বরত বিজিবি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, “পুশ-ইন হচ্ছে—এটা শারীরিকভাবে ঠেকানো সম্ভব নয়। কূটনৈতিক চিঠি চালাচালি চলছে, আজ কিংবা আগামীকাল আমরা আরেকটি চিঠি দেব।”
তিনি জানান, এ সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপের আওতায় আলোচনা চায়। প্রতিবছর এই সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের নাগরিকদের চলাচলসহ নানা বিষয় আলোচনায় আসে।
আরও পড়ুন… শান্তি আলোচনায় আগ্রহী পাকিস্তান, কাশ্মীর-জলবণ্টনসহ সব ইস্যুতে ভারতের সঙ্গে বসতে চায় ইসলামাবাদ
একইসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হতে পারে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে এ বিষয়ে ভারতকে কূটনৈতিকভাবে অবহিত করা হয়েছে।
জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি জানান, অনেক দেশ ও সংস্থার প্রতিনিধিরা নির্বাচন বিষয়ে জানতে চান, তখন তাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করা হয়।

