রাতে টর্চের আলোয় তুমুল সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আহত অন্তত ৩০

রাতে টর্চের আলোয় তুমুল সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া, পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা বোরহান মিয়া পূর্ব পাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি আপাতত মীমাংসা হলেও, ভেতরে ভেতরে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ কয়েকজন বন্ধুকে নিয়ে পশ্চিম পাড়া এলাকায় যান। এ সময় একটি স্থানীয় মাঠে ফুটবল খেলা নিয়ে বোরহান মিয়ার সঙ্গে আবারও তাদের তর্ক বাধে। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বোরহান মিয়া তার সমর্থকদের নিয়ে শিহাব ও তার সঙ্গীদের ওপর হামলা চালান।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিম পাড়া, পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
এই সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

