বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নয়

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
সম্প্রতি মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ওই ভিডিওতে থাকা নারীকে অনেকে শিক্ষক হিসেবে দাবি করলেও, বিষয়টি নাকচ করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান জানান, আলেয়া খাতুন হীরা শিক্ষক নন; তিনি এমপিওভুক্ত প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) হিসেবে কর্মরত।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষক প্রতিনিধি পরিষদও অন্তর্ভুক্ত রয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে।
পরিচালক বলেন, কলেজের অধ্যক্ষ এবং প্রদর্শক হীরার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আলেয়া খাতুন হীরা সরকারি কর্মকর্তা নন এবং তার শিক্ষক হওয়ার সম্ভাবনাও কম।
এর আগে বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্ত কার্যক্রম শুরু করে।

