ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন: বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।
এছাড়াও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
এর আগে রোববার (১৯ এপ্রিল) রাতে জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে অংশগ্রহণকারী নারী নেত্রীরা আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। এ সংক্রান্ত আপিল করা যাবে ২৬ এপ্রিল, যার নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে একটি আসন।

