ইসরায়েলি হামলার গুঞ্জনের মধ্যেও খামেনি জীবিত — নিশ্চিত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, খামেনির নিহত হওয়ার যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়।
ইসরায়েলি গণমাধ্যম Channel 12-এর এক প্রতিবেদনে সাম্প্রতিক বিমান হামলায় খামেনি নিহত হতে পারেন বলে দাবি করা হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে মার্কিন সংবাদমাধ্যম NBC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি স্পষ্টভাবে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা নিরাপদে রয়েছেন।
তিনি আরও জানান, হামলার ঘটনায় ইরানের দুইজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তবে সরকারের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হননি এবং সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ বর্তমানে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করছে এবং রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন Al-Alam জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত ৯টার দিকে আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।
সূত্র: পদ্মা টেলিভিশন

