স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ড

সম্প্রতি স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের পরীক্ষা নেয়া হবে ১৯ আগস্ট। বন্যার কারণে কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া ১০ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। এছাড়া গোপালগঞ্জে সংঘর্ষের জেরে ১৭ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের কারণে ব্যবহারিক পরীক্ষার সময়সীমাও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং তা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছিলেন, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময় নির্ধারণ করা হয়নি। তবে এই পরীক্ষা সকাল ও বিকেল দুই শিফটে নেওয়া হবে। তার মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালবেলায় এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলবেলায় অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন…কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, শিক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক।
এই দুর্ঘটনার পর সরকার ২২ জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। প্রথমদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শোক দিবস সত্ত্বেও পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে রাত গভীরে সমালোচনার প্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ২২ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পদ্মা টেলিভিশন।

