নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি; দুইজন গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা সদরের কামারগাঁও গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) এবং বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত আরও ১৩-১৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
এর আগে, বৃহস্পতিবার রাতে নাসিরনগরের তিলপাড়া এলাকায় একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সের গতিপথ রোধ করে গাছ ফেলে একদল সশস্ত্র ব্যক্তি। তারা অ্যাম্বুলেন্স থামিয়ে ভেতরে থাকা স্বজনদের মারধর করে, সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন… বিজয়নগরে শেখ হাসিনা সড়কে ডাকাতিতে খোয়ানো মোটরসাইকেল সহ ৪ আসামী গ্রেফতার
অভিযোগ উঠেছিল, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের আটকে এবং লুটপাট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “ডাকাতির সময় মরদেহে আঘাত করার অভিযোগ থাকলেও তদন্তে দেখা গেছে, ডাকাতরা মরদেহের নিচে মূল্যবান কিছু লুকানো আছে কি না—তা যাচাই করতে মরদেহ সরিয়েছে মাত্র।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন অমানবিক ঘটনা দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

