ইফতারের আগমুহূর্তে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু, জামালপুরে শোকের ছায়া

🟩 রোজাদার অবস্থায় উঠানে ছাগল খুঁজতে গিয়ে বিষধর সাপের কামড়
🟩 স্থানীয় কবিরাজের পর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু ঘটে
🟩 ১০ মিনিটের ব্যবধানে হাসপাতালে পৌঁছেই মারা যান রাবেয়া বেগম
🟩 মাদারগঞ্জের চরগোলাবাড়ী এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা
জামালপুরের মাদারগঞ্জে বিষধর সাপের কামড়ে রাবেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার স্টিল ব্রিজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রাবেয়া বেগম একই এলাকার শহিদ মন্ডলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রাবেয়া বেগম সেদিন রোজা রেখেছিলেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে বাড়ির পেছনে থাকা ছাগল চিৎকার করছিল। তখন তিনি উঠান থেকে পেছনের গলিপথে এগিয়ে গেলে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান।
তবে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে তাকে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে পৌঁছানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে, এমনটি জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সাব্বির আহমেদ।
রাবেয়া বেগমের ছোট ছেলে ভিক্কু মন্ডল বলেন, “আমার মা সারাদিন রোজা ছিলেন। ইফতারের একটু আগে উঠান থেকে ঘরের পেছনে যাওয়ার সময় পায়ে সাপে কামড় দেয়। মা নিজেই চিৎকার করে আমাদের বিষয়টি জানান।”
আরও পড়ুন… ইরানে জন্ম নিয়েছে বাস্তব ‘চুম্বক মানুষ’; গিনেস বুকে তিনবার নিজের রেকর্ড
স্থানীয়ভাবে জানানো হয়, স্টিল ব্রিজ সংলগ্ন চরাঞ্চলে এখনো নিয়মিতভাবে বিষাক্ত সাপের দেখা মেলে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষধর সাপের উপদ্রব থেকে বাঁচতে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

