রাষ্ট্রপতির শপথ পাঠ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

🟩 রাষ্ট্রপতিকে স্পিকার নাকি প্রধান বিচারপতি শপথ পাঠাবেন—এই প্রশ্নে রুলের শুনানি হবে
🟩 হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণ করেছে
🟩 সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রেসিডেন্টকে শপথ পাঠাতেন প্রধান বিচারপতি
🟩 রুলের জবাব এখনো পাওয়া না গেলেও শুনানির দিন ধার্য হলো
রাষ্ট্রপতিকে শপথ পাঠানো সংক্রান্ত একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্টে ৭ জুলাই চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ১০ মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী হাইকোর্টে একটি রিট করেন। সেখানে তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের দাবি জানান।
১১ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে এবং সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে। আজ রিটটি কার্যতালিকায় ওঠে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মেহেদি হাসান।
আইনজীবী ওমর ফারুক জানান, “শুধু শুনানির তারিখ নির্ধারণের জন্য বিষয়টি আজ উঠেছে। এখনো রুলের জবাব পাওয়া যায়নি। তবে আদালত ৭ জুলাই চূড়ান্ত শুনানির দিন রেখেছেন।”
আরও পড়ুন… আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করলেন বিএনপিপন্থি আইনজীবীরা
উল্লেখ্য, সংবিধানের চতুর্থ সংশোধনী (১৯৭৫) এর আগে রাষ্ট্রপতির শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। পরে আইন পরিবর্তনের মাধ্যমে স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হয়। রিট আবেদনকারীর দাবি, সংবিধানের মূল চেতনায় ফিরে যাওয়ার স্বার্থেই এটি পুনর্বহাল করা প্রয়োজন।

