
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও ভ্যাট কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে, যার ফলে একাধিক পণ্য ও সেবার দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাংকে টাকা জমা রাখা, ই-বাইক, ক্যান্সারের ওষুধ, অ্যাম্বুলেন্স, বাস ও তৈরি তৈজসপত্রসহ নানা খাতে এই পরিবর্তনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ জুন) বিকাল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন বাজেট উপস্থাপন করেন। মোট বাজেট প্রস্তাবিত হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
ব্যাংকে এক লাখ টাকার স্থলে তিন লাখ টাকা পর্যন্ত স্থিতিতে আবগারি শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে সঞ্চয় খাতে কর ব্যয় কিছুটা কমে আসবে।
এলএনজি আমদানিতে ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যা গ্যাসের দামে স্বস্তি আনতে পারে। একই সঙ্গে কৃষি খাতে উৎসাহ দিতে কম্বাইন্ড হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হ্রাসের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন... মোবাইল ফোনে ভ্যাট বাড়ানোর প্রস্তাব, দাম বাড়তে পারে মোবাইল ফোনের
পাতা, মাটি ও টেক্সটাইল গ্রেড উপাদান দিয়ে তৈরি তৈজসপত্রে ভ্যাট মওকুফের প্রস্তাব করা হয়েছে। এছাড়া তরল দুধ, বলপয়েন্ট কলম, স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় পর্যায়ে বিক্রিতে ভ্যাট ছাড়ের প্রস্তাব রয়েছে।
ক্যান্সার প্রতিরোধী ওষুধ এবং ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর ছাড়ের পরিধি বাড়ানো হচ্ছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
৩০ ইঞ্চি পর্যন্ত মনিটরের উৎপাদন ও বিক্রিতে ভ্যাট ছাড়ের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি, ই-বাইক, ১৬-৪০ আসনের বাস, ১০-১৫ আসনের মাইক্রোবাস, সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সে শর্তসাপেক্ষে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের কথা বলা হয়েছে।
আরও পড়ুন... বাজেটে বড় পরিবর্তন: বাড়ছে কিছু পণ্যের দাম, সস্তা হচ্ছে কিছু
পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে, যা চিনি ব্যবহারে কিছুটা মূল্য হ্রাসে সহায়ক হতে পারে।
এই বাজেটটি আগামী ৩০ জুন অনুমোদনের জন্য উত্থাপন করা হবে এবং ১ জুলাই থেকে তা কার্যকর হবে। এবারের বাজেট ঘোষণা সংসদের বাইরে হলেও, তার প্রভাব দেশের প্রতিটি খাতে সরাসরি অনুভূত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত