
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস রাজবাড়ীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায় এবং ট্রাকটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন... বাসন্তীতে রক্তচক্ষু: ভাবির কাটা মাথা হাতে থানায় হাজির যুবক
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে যানজটে আটকা পড়ে শতাধিক যানবাহন, যার ফলে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাস্তা সচল করে।
আরও পড়ুন... ময়মনসিংহে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩, আহত ৪
ওসি শেখ মঈনুল ইসলাম আরও জানান, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাকটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং খাদে পানির মধ্যে পড়ে থাকা বাসটি উদ্ধারের কাজ চলছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত