২০ ভাষায় হবে আরাফার খুতবা: “বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদে থাকছেন যাঁরা”

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে রোববার (৪ জুন) থেকে। তবে এর আগেই অনেক হাজিকে মিনার পথে পাঠানো শুরু করেছেন মুয়াল্লিমরা।
শনিবার (৩ জুন) এশার নামাজের পর হাজিরা ইহরামের কাপড় পরে মক্কার নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে গিয়ে তাঁবুতে অবস্থান করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফার খুতবা এবারও মসজিদে নামিরা থেকে প্রদান করবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। খুতবাটি এবার ২০টিরও বেশি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলা ভাষায় খুতবার অনুবাদের দায়িত্বে থাকবেন চারজন বাংলাদেশি: ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। চারজনই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন… নিরপেক্ষ নির্বাচনের দায়িত্বে বিসিবির সভাপতি আমিনুল বুলবুল
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে হিজরি ১৪৩৯ মোতাবেক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উদ্যোগে খুতবা অনুবাদ প্রকল্প চালু হয়। শুরুতে মাত্র পাঁচটি ভাষায় খুতবা অনুবাদ করা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বাড়তে থাকে।
২০২০ সালে প্রথমবারের মতো বাংলা ভাষা খুতবা অনুবাদের তালিকায় যুক্ত হয়। তখন ১০টি ভাষায় অনুবাদ করা হয়েছিল। পরবর্তী বছরে একই সংখ্যা বজায় থাকলেও, ২০২২ সালে ১৪টি এবং ২০২৩ ও ২০২৪ সালে ২০টিরও বেশি ভাষায় খুতবা অনূদিত হয়েছে।

