ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা-শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা-শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার সকালে উপজেলার চান্দুরা এলাকায় কভার্ড ভ্যান তল্লাশির মাধ্যমে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতরে রাখা বেশ কয়েকটি কার্টন উদ্ধার হয়।
কার্টনগুলো খুলে দেখা যায়, সেখানে ভারতীয় ৪৪৯টি লেহেঙ্গা এবং ১৪৭টি শাড়ি রয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
জব্দ করা কাপড়সমূহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
নিজস্ব প্রতিবেদক

