
🟩 অর্ধশতাব্দী ধরে নিঃস্বার্থ কবর খনন করেছেন তিন হাজারের বেশি মানুষের
🟩 একটি ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে
🟩 ঘোড়াটির মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন; পরিণতিতে নিজেও হারিয়ে গেলেন
🟩 তিনি বলতেন—এই কাজ করেন শুধুই আল্লাহকে খুশি করতে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মানবতার প্রতীক মো. মনু মিয়া (৬৭) আর নেই।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর এই বেদনাদায়ক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মনু মিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবনের প্রায় ৪৯ বছর তিনি কেটেছেন কোনো পারিশ্রমিক ছাড়া কবর খননের মহান কাজে। আশপাশের গ্রাম ও জেলাজুড়ে তিনি পরিচিত ছিলেন 'শেষ ঠিকানার কারিগর' নামে।
বিশেষ করে মৃত্যুর খবর পেলেই তিনি তার প্রিয় ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে, একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন সেই ঘোড়াটি।
ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। ঠিক সেই সময় দুর্বৃত্তরা হত্যা করে তার বহু বছরের সঙ্গী, প্রিয় ঘোড়াটিকে।
আরও পড়ুন... মিশরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ১৯ দিনমজুর নিহত, অধিকাংশই কিশোর
👉 এতে তিনি মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েন।
👉 আইনজীবী রোকন রেজা তাকে দেখতে গেলে বলেন—“অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়।”
👉 জবাবে মনু মিয়া বলেন—
“আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে। মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।”
প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর আরও জানান, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে উঠতে পারেননি।
তার মৃত্যুতে এলাকাবাসী বলছে—
"আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয়।"
স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার এক জীবন্ত প্রতীক। মৃত্যুর পরও তিন হাজারের বেশি মানুষের পরিবারে তার দোয়া ও শ্রদ্ধায় তিনি চিরকাল বেঁচে থাকবেন।
📌 পদ্মা টেলিভিশন মনে করে—মনু মিয়ার মতো মানুষ এ সমাজে বিরল। তার নিঃস্বার্থ সেবার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত