
🟩 “বিএনপি কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না”
🟩 তারেক রহমানের টেলিফোন অনেক নেতার জন্য বন্ধ—সততার বার্তা দিচ্ছেন তিনি
🟩 “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, ড. ইউনূসকে ষড়যন্ত্র থামানোর আহ্বান”
🟩 “তারেক রহমান কর্মী হিসেবে ক্ষমতায় এসে দেশ চালাবেন”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন, “মানুষ মনে করে বিএনপি অসৎ। কিন্তু বিএনপি কখনো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর। বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে।”
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্বর্তী সরকার ও বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। হাসিনা মাঝেমধ্যে বলে ‘টুপ করে আইসা পড়বে’। সে এখনও দেশের প্রধানমন্ত্রী বলেই এমন কথা বলতে পারে। তাই বলছি, ড. ইউনূস—আপনাকে এ ষড়যন্ত্র থামাতে হবে। আমরাও বিচার চাই। তবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”
হলরুমে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন,
“সবার জবাবদিহিতা থাকতে হবে। হাসিনার কোনো জবাবদিহিতা না থাকায় সে স্বৈরাচার হয়ে গেছে। আপনারা জেলা পর্যায়ের শীর্ষ নেতা হলেও জবাবদিহিতা থাকতে হবে। অন্যায়-অনিয়ম করলে তারেক জিয়ার দলে কেউ পার পাবে না।”
আরও পড়ুন... ইসরায়েলকে পালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী গার্ড
তিনি স্বীকার করেন,
“আমাদের দলে দুই-একটা ছিটেফোঁটা দুর্নীতি থাকতে পারে, তবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও কেউ থাকলে, তাদেরকে ‘সাইট লাইনে’ পাঠিয়ে দিন। তারা যেন নেতৃত্বের ধারে কাছেও না আসে। এই কারণেই তারেক রহমান অনেকের ফোন ধরেন না। কাদের সাড়া দেন না, বুঝে নিয়েন।”
“এটাই বোঝায়—তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় আসছেন। শুধু প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সব ষড়যন্ত্র রুখে দিতে তার প্রয়োজন আছে।”
তিনি আরও বলেন, “দেশ চালাতে খালেদা জিয়া ও তারেক রহমানের মতো নেতার প্রয়োজন। তারেক রহমান একজন রাজনৈতিক কর্মী হিসেবেই ক্ষমতায় আসবেন, এবং কর্মী হিসেবেই দেশ চালাবেন।”
সবশেষে, সততা ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন... আবারও আলজাজিরার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলি মন্ত্রী
সঞ্চালনায় ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ রাজশাহী বিভাগ ও জেলার সিনিয়র নেতারা।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত