অপহরণের ৭৫ দিন পর রাজধানী ঢাকার একটি রিহ্যাব সেন্টার থেকে নুহাশ আজিজ (১৫) নামে এক কিশোরকে উদ্ধার করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ জুন) রাতে উদ্ধারকৃত কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি আর্মি ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ঢাকার উত্তরার কামারপাড়া এলাকা থেকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ কথা বলে নুহাশকে অপহরণ করে সাইদা দিল আফরোজ ও তার মেয়ের জামাই লিটন অধিকারী। এরপর তাকে ‘মাদকাসক্ত’ সাজিয়ে রাজধানীর গ্রীন লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়।
আরো পড়ুন...বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল
নিখোঁজের পর কিশোরের মা শামীমা আফরোজ প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কোনো অগ্রগতি না পেয়ে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।
এরপর সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের তৎপরতায় রাজধানীর নিরাময় কেন্দ্রে নুহাশের অবস্থান নিশ্চিত করা হয়। পরে তাকে উদ্ধার করে তারাকান্দি ক্যাম্পে আনা হয় এবং সেখান থেকে মঙ্গলবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাই এবং কিশোরটিকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করি।”
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত