
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভয়াবহ বন্যায় অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টির পর শুক্রবার (৩০ মে) ভোররাতে হঠাৎ প্লাবনের সৃষ্টি হয়। অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (SEMA) মুখপাত্র ইব্রাহিম হুসেইনি জানান, শনিবার (৩১ মে) সকাল পর্যন্ত উদ্ধারকাজে অংশ নিয়ে উদ্ধারকারীরা ১৫১ জনের মরদেহ উদ্ধার করেছে, যাদের মধ্যে বহু শিশু রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন... ছয় জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড
ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বাস্তুচ্যুতদের আশ্রয়ের ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
মোকওয়ার বাসিন্দা হাসান আবদুল্লাহি স্থানীয় গণমাধ্যমকে জানান, ভয়াবহ এই দুর্যোগে তিনি তার বৃদ্ধা মা, পরিবারের ৯ সদস্য এবং দুই শিশুসহ মোট ১১ জনকে হারিয়েছেন। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, "আমরা সবকিছু হারিয়েছি। মাথা গোঁজার মতো একটা জায়গাও নেই, এমনকি একটি কাপড় বা জুতা পর্যন্ত আমাদের কাছে নেই।"
নাইজার রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টার টানা বর্ষণে সৃষ্ট হঠাৎ বন্যায় শহরের দুটি প্রধান এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের ভাষায়, এটি একটি 'হৃদয়বিদারক ও গভীর বেদনাদায়ক' মানবিক বিপর্যয়।
আরও পড়ুন... তীব্র গরমে হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত সৌদি আরব, ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি ও কুলিং সিস্টেম
উল্লেখ্য, নাইজেরিয়ার এই অংশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নতুন নয়। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ভয়াবহ বন্যায় বহু প্রাণহানি ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (NEMA) জানায়, গত বছর পুরো অঞ্চলে বন্যায় অন্তত ২০০ জনের মৃত্যু হয় এবং প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হন।
২০২২ সালের ভয়াবহ বন্যায় নাইজেরিয়াজুড়ে ছয় শতাধিক মানুষ প্রাণ হারায় এবং দশ লক্ষাধিক মানুষ ঘরহারা হন।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত