
নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায় দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
সোমবার (২৬ মে) আদালত বলেন, এখনো সুপারিশগুলো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। তাই এমন অবস্থায় আবেদনটি গ্রহণযোগ্য নয় এবং তা “প্রি-ম্যাচিউড” বলে বিবেচিত হয়েছে। তবে সরকার সুপারিশ বাস্তবায়ন করলে পরবর্তীতে রিটকারী আদালতের দ্বারস্থ হতে পারবেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। অন্যদিকে, নারী সংস্কার কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।
রিটকারী আইনজীবী জানান, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এর কিছু সুপারিশ ইসলামী শরিয়ত, সংবিধান ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনের ৩১৮ পৃষ্ঠাব্যাপী সুপারিশের মধ্যে অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২-তে রয়েছে বিতর্কিত প্রস্তাব, যা চ্যালেঞ্জ করা হয়।
আরও পড়ুন... ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক
বিশেষভাবে বিতর্কিত কিছু প্রস্তাবের মধ্যে রয়েছে—
নারী-পুরুষের সমান উত্তরাধিকারের দাবি, যা কুরআনের স্পষ্ট বিধান (সূরা নিসা, আয়াত ১১)-এর পরিপন্থি।
বহুবিবাহ নিষিদ্ধের সুপারিশ, যা ইসলামী শরিয়তসম্মত এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদে উল্লিখিত ধর্মচর্চার অধিকারের বিরোধী।
“My Body, My Choice” স্লোগানকে অন্ধ সমর্থন, যা শরিয়তনির্ভর নৈতিকতার সীমা লঙ্ঘন করে।
যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতির প্রস্তাব, যা সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদ এবং ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
ট্রান্সজেন্ডার ও লিঙ্গ পরিচিতি সংক্রান্ত ভাষা, যা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
আরও পড়ুন... নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে: মির্জা ফখরুল
এর আগে গত ৫ মে এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। রিটে নারী সংস্কার কমিশন ছাড়াও তিনটি মন্ত্রণালয়কে বিবাদী করা হয়।
তবে হাইকোর্ট বলেছে, সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় এখনই এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত