সুনামগঞ্জে এনএসআই পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার

সুনামগঞ্জে এনএসআই পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে বিয়ে ও প্রতারণার অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্য তাহিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার টিটন বিশ্বাস ওই এলাকার মৃত সাধন বিশ্বাসের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ভুয়া পরিচয় ব্যবহার করে বিয়ে করার পর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। এ প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনএসআই সদস্য পরিচয়ে টিটন সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে বিয়ে করেন এবং এলাকায় নানা কর্মকাণ্ড চালাতেন। বিয়ের পর শ্বশুরবাড়ির কাছ থেকে অর্থ আদায় ছাড়াও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেন তিনি।
টিটনের স্ত্রীর ভাই জানান, ২০২৩ সালে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁদের বোনকে বিয়ে করেন টিটন। এরপর থেকেই নিজেকে এনএসআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। এ পরিচয়ে সবাই তাঁকে সমীহ করলেও, পরবর্তীতে প্রায়ই টাকার জন্য শ্বশুরবাড়িতে চাপ সৃষ্টি করতে থাকেন। ইদানীং এ চাপ বাড়তে থাকলে তাঁদের সন্দেহ হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
গ্রেপ্তারের সময় টিটনের কাছ থেকে এনএসআইয়ের লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্র ও বিদেশ যাওয়ার অনুমতি-সংক্রান্ত একটি জাল প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি দেলোয়ার হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

