দগ্ধদের রক্তের প্রয়োজন নেই : বার্ন ইনস্টিটিউট পরিচালক

দগ্ধদের রক্তের প্রয়োজন নেই : বার্ন ইনস্টিটিউট পরিচালক
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় দগ্ধ রোগীদের কারো রক্তের প্রয়োজন নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ডা. নাসির উদ্দিন বলেন, “দগ্ধদের রক্তের প্রয়োজন নেই এবং পর্যাপ্ত স্কিন সংরক্ষিত থাকায় স্কিন ডোনেশনও নেওয়া হচ্ছে না। অনেকেই আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের এখন কোনো অতিরিক্ত কিছু প্রয়োজন নেই।”
তিনি আরও জানান, আজ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে ছয়জন রোগীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৩ জুলাই) যেসব রোগীর অবস্থা ছিল অত্যন্ত গুরুতর, তারা এখনও সেই অবস্থায়ই রয়েছেন। তবে তাদের চিকিৎসায় টিম সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং ধীরে ধীরে উন্নতির আশা করা হচ্ছে।
উল্লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, “গত দুই দিনে আমরা ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করতে পেরেছি। আশা করছি, তাদের অনেককেই শিগগিরই বাড়ি পাঠানো যাবে।”
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন।
আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের এবং ১৬৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সিএমএইচ-এ মারা গেছেন ৯ জন, যেখানে ভর্তি রয়েছেন আরও ১৫ জন। সবমিলিয়ে ঢাকার ৯টি হাসপাতালে এখনও ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

