বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতের মূল লক্ষ্য রাজনীতিতে শীর্ষ স্থান দখল নয়, বরং ইসলামের বিজয় প্রতিষ্ঠা করা। যদিও রাজনীতিতে জামায়াতের প্রথম স্থানে থাকার গুঞ্জন রয়েছে, তবুও তাদের প্রধান লক্ষ্য এক নম্বর হওয়া নয়; বরং ইকামাতে দ্বীনের সাফল্য অর্জনই তাদের প্রাথমিক লক্ষ্য। এজন্য ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছানো জরুরি। জামায়াতে ইসলামী এদেশে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তাই তাদের প্রতিটি ইউনিট শাখা হবে ইসলাম বিজয়ের দুর্গ।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর-কদমতলী জোনের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাসুল (সা.) শুধু স্বপ্ন দেখেই সোনার মদিনা গড়ার কাজে বসে থাকেননি; বরং তিনি নিজেই কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহতাআলা কেবল দোয়া করেই বসে থাকার মাধ্যমে ফলাফল প্রদান করেন না; বরং কর্মে লিপ্ত হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরই তিনি বিজয় দান করেন। গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র সমাজ শুধু আশা করেই বসে থাকেনি, তারা মাঠে নেমে বুকের রক্ত ঢেলে ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রয়োজনে ছাত্র সমাজ যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এবং সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
আব্দুস সবুর ফকির বলেন, একজন মুসলমান হিসেবে দুনিয়ার সুবিধা আমাদের কাছে মুখ্য নয়; আমাদের মূল লক্ষ্য আখেরাতে সফলতা। আল্লাহর বিধানের প্রতি আমাদের সম্পর্ক যত মজবুত হবে, এদেশে ইসলামের বিজয় তত সহজ হবে। ইসলামী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ রাখতে হবে। দ্বীনের বিজয়ের জন্য দাওয়াতি কাজকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং দেশের জনগণের কাছে ইসলামী আন্দোলনের সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মূল সংগঠনকে শক্তিশালী করতে ইউনিট পর্যায়ের কার্যক্রমকে সক্রিয় রাখতে হবে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে প্রথমে নিজেদের জান্নাতের উপযুক্ত করার পাশাপাশি, এই দেশে ইসলামের বিজয়ের জন্য আল্লাহর শর্ত পূরণে আন্তরিক হতে হবে। সংগঠনকে শক্তিশালী এবং বিজয়ী করতে নিজেদের গণমুখী চরিত্রকে আলোকিত করতে হবে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত