ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও ১০০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় মো. শাহাদাত হোসেন শোভনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের ছাত্রলীগের আরও ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে শোভনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মহড়া দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে যান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলাটির তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পালন করবে বলে জানিয়েছেন তিনি।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত