
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।
বুধবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও বাজেট পরিস্থিতি বিবেচনায় রেখে নির্বাচনগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ আয়োজন করা হবে।
মন্ত্রী আরও বলেন, সম্প্রতি গঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়ের মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন আয়োজনের ব্যয় নির্ধারণ ও আর্থিক প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সম্ভাব্য ব্যয়ের হিসাব জানতে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।
নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত