
চট্টগ্রাম নগরীতে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) ভোরে নগরীর খুলশী এলাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. আতিকুর রহমান (৪৮)। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নোয়াখালী পৌর শাখার সাবেক সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, আতিকুর রহমান নোয়াখালী জেলা যুবলীগের সক্রিয় কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের সূত্রে নিয়মিত চট্টগ্রামে যাতায়াত করতেন। অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার নগরীর একটি পাঁচতারকা হোটেলে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে তিনি একটি গোপন বৈঠকে অংশ নেন।
খুলশী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে ডবলমুরিং থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত