জাতীয় সংসদে নিজ নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা তুলে ধরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশের উন্নয়নের জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনী এলাকার পাকশিমুল ও অরাইল—এই দুটি ইউনিয়নের গ্রামগুলোতে যাওয়ার মতো কোনো পাকা রাস্তা নেই। আধুনিক যুগেও এই এলাকার মানুষের একমাত্র ভরসা নৌকা। বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচলের সুযোগ সেখানে নেই।
বক্তব্যের শুরুতে তিনি স্পিকারকে উদ্দেশ্য করে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তার কর্মজীবনে স্পিকারকে কখনো আদালতের সহকর্মী হিসেবে, আবার কখনো রাজনৈতিক দলে পাশে পেয়েছেন। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরপর তিনি সরাসরি এলাকার জনদুর্ভোগের কথা তুলে ধরে বলেন—
"মাননীয় স্পিকার, পাকশিমুল ও অরাইল ইউনিয়নের গ্রামগুলোতে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের নৌকা করে যেতে হয়। এরপর মোটরসাইকেল ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। এই রাস্তাগুলোর উন্নয়নে সরকারের পরবর্তী পদক্ষেপ কী?"
জবাবে স্পিকার তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান এবং বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীকে উত্তর দিতে আহ্বান জানান। সংশ্লিষ্ট মন্ত্রী জানান, এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনী এলাকার এমন প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা নিয়ে রুমিন ফারহানার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার সৃষ্টি করেছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত