
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস।
রোববার (১ মার্চ) যোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা বিশ্ববাসীর শান্তি ও মানবতার চেতনাকে আঘাত করেছে। তিনি অভিযোগ করেন, এই হামলার মাধ্যমে দুই দেশ তাদের আগ্রাসী নীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি আরও বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থী। চলমান আলোচনার মধ্যেই এ ধরনের আক্রমণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন। হামলায় বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণহানির ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি।
ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বিশ্ব সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সরকারের উদ্দেশে তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশনে ইরানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রকাশিত: পদ্মা টেলিভিশন
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত