দেড়মাস সংসার করার পর স্বামী জানতে পারেন তার স্ত্রী পুরুষ।
প্রথমে ফেসবুকে প্রেম, তারপর পরিবারের সম্মতিতে বিয়ে। প্রায় দেড় মাস একসাথে ঘর করার পর প্রকাশ পেলো এক চাঞ্চল্যকর সত্য— নববধূ আসলে নারী নন, তিনি একজন পুরুষ! এ ঘটনা জানাজানি হতেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভালকা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে শুরু হয়েছে তোলপাড়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ওই গ্রামের মো: বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্ত’র সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ‘সামিয়া’ নামে এক তরুণীর। এই পরিচয় থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে গত ৭ জুন সামিয়া শান্ত’র বাড়িতে চলে আসে এবং পরিবারের সম্মতিতে হুজুর ডেকে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের বিয়ের রেজিস্ট্রি করা সম্ভব হয়নি।
বিয়ের পর থেকেই সামিয়ার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। শারীরিক ও সামাজিক আচরণে অসঙ্গতি দেখে তাদের সন্দেহ দানা বাঁধে। শেষ পর্যন্ত গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে ধরা পড়ে আসল সত্য— সামিয়া আসলে একজন পুরুষ। তার প্রকৃত নাম শাহিনুর রহমান, বাড়ি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকায়। তিনি আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত জানান, ফেসবুকে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর হঠাৎ সামিয়া তাদের বাড়িতে চলে আসে। পরিবারের সম্মতিতে বিয়ে হয়, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি করা যায়নি। শান্ত বলেন, “বিয়ের পর থেকেই তার আচরণ ছিল রহস্যময়। কাছে যেতে চাইলে বলত, অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন।”
শান্ত’র মা মোছা. সোহাগী বেগম জানান, “একজন ছেলে আমাদের ঘরে বউ হয়ে এলো, আমরা টেরই পাইনি। এমনভাবে অভিনয় করেছিল যে আমরা সবাই বিশ্বাস করে ফেলেছিলাম। শেষ পর্যন্ত বুঝলাম সবই ছিল তার অভিনয়।”
ঘটনা জানাজানি হওয়ার পর শনিবার সকালে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া স্থানীয়দের কাছে স্বীকার করেন, “আমি ভুল করেছি, শান্ত’র সাথে যা করেছি তা ঠিক হয়নি।” তিনি আরও জানান, হরমোনজনিত শারীরিক সমস্যার কারণে নিজেকে মেয়ে ভাবতে তার ভালো লাগে।
গোয়ালন্দঘাট থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত