সচিবালয়ে হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে করা বিক্ষোভের ঘটনায় এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে দায়ের করা এ মামলার এজাহার বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনা’কে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা পেছানোসহ নানা দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির আয়োজন করে। শুরুতে তারা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের দিকে মিছিল করলেও পরে শিক্ষা ভবন থেকে বেরিয়ে সচিবালয়ের সামনে জড়ো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা ও অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে হামলা চালায় এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের থামানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা লাঠি, ইট-পাটকেল ছুড়ে পুলিশ, সেনা সদস্য ও আনসার সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এ ছাড়া শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে সরকারি গাড়ি ভাঙচুর করে, সম্পত্তির ক্ষতি করে এবং নানা ধরনের হুমকি ও আতঙ্ক ছড়ায়। মামলায় উল্লেখ করা হয়েছে, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে চালানো।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত