![]()
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও, এখন পর্যন্ত স্বস্তিতেই কর্মস্থলে পৌঁছাতে পারছেন যাত্রীরা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পার হয়েছে, যা একদিন আগের তুলনায় ১০ হাজার ৬৪৩টি বেশি। এই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, উত্তরের দিকে ১৮ হাজার ৩৬৫টি যানবাহন চলাচল করেছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। আর ঢাকামুখী ৩০ হাজার ৮১৭টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। এতে দেখা যাচ্ছে, প্রতি মিনিটে গড়ে ৩৪টি যানবাহন সেতু পার হচ্ছে।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে যমুনা সেতু হয়ে পার হয়েছে মোট ১ লাখ ৪৬ হাজার ৫৬৮টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা, যা ঈদ পরবর্তী সময়ের জন্য এক বড়সড় রেকর্ড।
আরও পড়ুন... যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানবাহনের চাপ সামাল দিতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। মোটরসাইকেলের জন্যও রাখা হয়েছে পৃথক দুটি বুথ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে সেতুর ওপর দুর্ঘটনায় পরপর ৪-৫টি যানবাহন বিকল হয়ে পড়লে সাময়িকভাবে উভয় প্রান্তে টোল আদায় বন্ধ রাখতে হয়। তবে দ্রুত যানগুলো অপসারণের পর ভোর থেকে আবার স্বাভাবিকভাবে টোল আদায় শুরু হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত