
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। তবে যানজট বা দীর্ঘ অপেক্ষা ছাড়াই স্বাভাবিক গতিতেই চলাচল করছেন যাত্রীরা।
শনিবার (১৪ জুন) দুপুরে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লেও চলাচলে কোনো ধরণের বিশৃঙ্খলা নেই। বর্তমানে পদ্মা পাড়ি দিতে ২০টি লঞ্চ এবং ছোট-বড় ১৭টি ফেরি চালু রয়েছে, যা ঘাটের চাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে।
ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ ছুটি থাকায় যাত্রীদের চাপ ধীরে বাড়ছে, ফলে অতিরিক্ত ভোগান্তির আশঙ্কা নেই।
মেহেরপুর থেকে আসা যাত্রী আমিনুল ইসলাম বলেন, "ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠেছি, কোনো যানজট ছিল না।" একই অভিজ্ঞতা কুষ্টিয়ার যাত্রী মোছা. আলেয়া বেগমেরও, যিনি বাচ্চাসহ প্রাইভেটকারে ফেরিতে উঠেছেন বিনা সমস্যায়।
আরও পড়ুন... যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন পদ্মা টেলিভিশনকে বলেন, “চাপ কিছুটা বেড়েছে, তবে উপচে পড়া ভিড় নেই। ২০টি লঞ্চ চলাচল করায় যাত্রীরা এসেই পার হতে পারছেন।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “প্রায় সাড়ে ৪ হাজার যানবাহন গত ২৪ ঘণ্টায় পার হয়েছে। সকাল থেকে চাপ বাড়লেও ঘাট এলাকায় যানজট নেই। ১৭টি ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিচ্ছে।”
তিনি আরও জানান, দুপুরের পর যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত