
সৌদি আরব হজ মৌসুমে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ৩১ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। পাশাপাশি পারিবারিক ভিসার ক্ষেত্রেও একই সময় পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
স্থগিতাদেশের আওতায় পড়া অন্যান্য দেশগুলো হলো: ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন কোনো ওয়ার্ক বা ওমরাহ ভিসা ইস্যু করা হবে না। এমনকি যেসব ব্যক্তি ইতোমধ্যে ভিসা পেয়েছেন কিন্তু এখনো সৌদি আরবে প্রবেশ করেননি, তারাও সাময়িক জটিলতার সম্মুখীন হতে পারেন।
আরো পড়ুন...লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান টিউলিপ সিদ্দিক
এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছর হজ শুরু হয়েছে ৪ জুন এবং শেষ হবে ৭ জুন। জুন মাসের শেষ নাগাদ বেশিরভাগ হজযাত্রী সৌদি আরব ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
পদ্মা টেলিভিশনের তথ্য অনুযায়ী, সৌদি ওয়ার্ক ভিসার আবেদনকারীদের মধ্যে এই ১৪টি দেশের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি সরকার ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল। তখন জানানো হয়েছিল, বাংলাদেশসহ একই ১৪ দেশের নাগরিকদের শুধুমাত্র একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা প্রদান করা হবে। এই ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন, এবং তা দিয়ে একবারই সৌদি আরবে প্রবেশের সুযোগ মিলবে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত