
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে নিজ ঘর থেকে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাসেল মিয়া (১৮) ও তার স্ত্রী জুঁই খাতুন (১৫)। রাসেল ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা পদ্মা টেলিভিশন কে জানান, রাসেল ও জুঁইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় প্রায় তিন মাস আগে তারা বিয়ে করেন। বিয়ের পর তাদের পারিবারিক জীবনে কোনো ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি। সবকিছুই স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
চেয়ারম্যান আরও জানান, সোমবার রাতে তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে রাসেলের মা ছেলেকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরে উঁকি দেন। তখন তিনি দেখতে পান, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন।
আরও পড়ুন... নাসিরনগরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি; দুইজন গ্রেপ্তার।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
এ ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই দম্পতির এমন পরিণতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত